সিরিয়ার প্রধানমন্ত্রী বরখাস্ত
ইন্টারন্যাশনাল ডেস্ক:
সিরিয়ার আসাদ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনরত রিয়াদ ফরিদ হিজাবকে বরখাস্ত করা হয়েছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এই খবর দেয়। বরখাস্ত হাবর পর তিনি আসাদ সরকারের পক্ষ ত্যাগ করে জর্ডান চলে গেছেন বলেও জানানো হয়েছে। ঠিক কেন তাকে বরখাস্ত করা হয়েছে তা জানা যায়নি। তবে সোমবার সকালে টেলিভিশন ও রেডিও স্টেশনে বোমা বিস্ফোরিত হয়। এদিকে জর্ডান সরকার তার পক্ষ ত্যাগ করার কথা নিশ্চিত করেছে।
গত জুনে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ কৃষিমন্ত্রী থেকে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। সোমবার ফরিদ হিজাবকে বরখাস্ত করার পর দেশটির বর্তমান উপ-প্রধানমন্ত্রী ওমর ঘালিওয়ানজি নতুন কেয়ারটেকার সরকারের দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া।
গত মে মাসে দেশটিতে রাজনৈতিক সংস্কারের অংশ হিসেবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অধীনেই নির্বাচন হবার কথা ছিল। কিন্তু বিদ্রোহীদের তীব্র বিরোধিতার মুখে সরকার তা বাতিল করে। নিসরিন আল-সামায়েলেহ নামে এক সরকারবিরোধী কর্মী জর্ডান থেকে জানান, ইতিমধ্যে হিজাব সেখানে পৌঁছেছেন।

