সিরিয়ার বিদ্রোহীদের সহায়তায় ওবামার গোপন নির্দেশ!

ইন্টারন্যাশনাল ডেস্ক:
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে বিদ্রোহীদের সহায়তা দেওয়ার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং মার্কিন দাতব্য সংস্থাগুলোকে গোপনে অনুমতি দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। ঘটনার ব্যাপারে ওয়াকিবহাল একাধিক সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স গত বুধবার এ খবর জানিয়েছে।
সূত্র জানিয়েছে, চলতি বছরের প্রথম দিকেই ওবামা এ ধরনের নির্দেশ দিয়েছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে নামানোর সংগ্রামে সিআইএ এবং মার্কিন দাতব্য সংস্থাগুলোকে বিদ্রোহীদের সাহায্য করার জন্য সুস্পষ্ট অনুমতি দিয়েছেন। সিরিয়াতে সরকারি বাহিনীর সহিংসতা বন্ধ করতে দামেস্কের বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব গত মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নাকচ হয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে। এখন তারা প্রেসিডেন্ট আসাদ সরকারের বিরুদ্ধে সশস্ত্রগ্রুপগুলোকে সহায়তা দেওয়ার কৌশল নিয়েছে। তবে, সিআইএ’র  মতো গোয়েন্দা সংস্থার গোপন সহায়তা কেমন ধরনের হবে তা স্পষ্ট নয়। হোয়াইট হাউজের মুখপাত্র টমি ভিয়েটর এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
অবশ্য হোয়াইট হাউজ বিদ্রোহীদের মারণাস্ত্র সরবরাহ করা সাময়িকভাবে বন্ধ রেখেছে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের অন্য মিত্র দেশগুলো এ ধরনের আগ্নেয়াস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে বিদ্রোহীদের সক্ষমতা এবং সঙ্গতি উল্লেখযোগ্য পরিমান বেড়েছে।
বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা কর্মকর্তাদের এহেন বক্তব্য প্রমাণ করে, সিরিয়ার বিদ্রোহীদের ব্যাপারে তাদের মূল্যায়নের যথেষ্ট পরিবর্তন এসেছে। যেখানে তারা কিছু দিন আগেও বিদ্রোহীদের ‘অসংগঠিত আসাদের বিরোধী’ বলে বর্ণনা করতেন। সিরিয়ার বিদ্রোহীদের ব্যাপারে গোপন নির্দেশ জারির কথা বাদ দিলেও যুক্তরাষ্ট্র তাদের সহায়তা দিয়ে যাচ্ছে তা অনেকটা প্রকাশ্যই।
গত বুধবার পররাষ্ট্র দফতর বলেছে, মার্কিন সরকার বিদ্রোহীদের জন্য ২ কোটি ৫০ লাখ ডলার ‘নন-লিথাল’ সহায়তার তহবিল নির্ধারণ করেছে। এর মধ্যে গোপন রেডিওসহ যোগাযোগ সরঞ্জাম থাকবে বলে জানিয়েছে তারা।
এছাড়া, সিরিয়ার মানুষের জন্য ৬ কোটি ৪০ লাখ ডলারের মানবিক সহায়তা তহবিল দেওয়ার কথাও বলেছে পররাষ্ট্র দফতর। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), আন্তর্জাতিক রেড ক্রস এবং সহায়তা সংস্থার সঙ্গে তারা এ সহায়তা দেবে বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র সরকারের একটি সূত্র স্বীকার করেছেন, তুরস্ক এবং মিত্রদের দ্বারা পরিচালিত একটি গোপন কমান্ড সেন্টারে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশনায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে।
গত সপ্তাহে রয়টার্স আরো জানায়, সৌদি আরব এবং কাতারের সঙ্গে যৌথভাবে তুরস্ক সিরিয়ার সীমান্তের কাছে একটি গোপন ঘাঁটি স্থাপন করেছে। এ ঘাঁটি থেকে প্রেসিডেন্ট আসাদের বিরোধীদের গুরুত্বপূর্ণ সামরিক এবং যোগাযোগ সহায়তা দেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

প্রকাশক ও সম্পাদক: রাশেদুল ইসলাম। যোগাযোগ: দৈনন্দিন ভবন, প্রধান সড়ক,কক্সবাজার। মোবাইল: ০১৮১৯-৫৩৯২১৩, ০১৮১৭-২৫৪৮৬৪, E-mail: dainandin.cox@gmail.com